কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুন লেগে একটি বসতবাড়ী ও ৩টি গরু পুড়ে ভস্মিভূত হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার পাথরডুবি ইউনিয়ন এর মইদাম মধ্যপাড়া গ্রামের মৃত হোসেন আলীর পুত্র তাজম আলি বসত বাড়ীতে অগ্নিকাণ্ডের এ দূর্ঘটনাটি ঘটে।
অগ্নিকান্ডে তার বসতবাড়ির ৩টি ঘর ও ৩টি গরু পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।
রাতে বাড়ির লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করে। পরে এলাকাবাসী এগিয়ে এসে দেখেন মূহুর্তেই আগুন বাড়িটির চারদিকে ছড়িয়ে পড়েছে। লোকজন আগুন নেভাতে ব্যর্থ হলে পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলায় অবস্থিত ফায়ার সার্বিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমন মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। তদন্ত করে আগুন লাগার কারণ উদঘাটন করা হবে।