সম্প্রতি নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়া নোয়াখালীর বসুরহাট পৌরসভার নির্বাচন আজ। এই পৌরসভার মেয়র পদে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। যিনি এই পর্যন্ত ক্ষমতাসীন দলের বেশ কয়েক জন সাংসদ ও কেন্দ্রীয় নেতাদের নামে নানা ধরণের মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন। এমনকি তার মন্তব্য থেকে তার বড় ভাই ওবায়দুল কাদেরও রেহাই পাননি। যার ফলশ্রুতিতে সবার নজর এখন বসুরহাট পৌরসভা নির্বাচনের দিকে।
নোয়াখালীর বসুরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল কাদের মির্জা, বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ও জামায়াতে ইসলামীর মোশারফ হোসেন।
ইসি সূত্রে জানা যায়, বিভিন্ন কেন্দ্রে ইভিএম ও অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে। ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে থাকছে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের ৪০০ সদস্য।
নির্বাচনকে ঘিরে আরও অধিক নিরাপত্তার জন্য থাকছে র্যাবের তিনটি টিম, বিজিবি ৪ প্লাটুন, পুলিশের মোবাইল টিম নয়টি, স্ট্রাইকিং টিম দুটি, নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়জন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন।
বসুরহাট পৌরসভা নির্বাচনে প্রধান ২ দলের প্রার্থীসহ মেয়র প্রার্থী মোট ৩ জন, কাউন্সিলর ২৫ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৭জন। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত বসুরহাট পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ১১৫, নারী ভোটার ১০ হাজার ৪৯৪, পুরুষ ১০ হাজার ৬২১ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম