কিশোরগঞ্জের নিকলী হাওরে ট্রলারে আগুন লেগে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলার সিংপুর বাজারের কাছে এই ঘটনা ঘটে।
নিহতের নাম জহুর উদ্দিন। তিনি সদর ইউনিয়নের মগলহাটি গ্রামের বাসিন্দা। এছাড়া দগ্ধরা হলেন- নিহত জহুর উদ্দিনের ছেলে বাপ্পি, সাজনপুর গ্রামের হাসেম মিয়া, গিয়াস উদ্দিন ও তারেক।
জানা যায়, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সিংপুর বাজারে একদিনের মেলা ছিল। সেই মেলায় মুড়ি-মুড়কিসহ নানা জিনিসের পসরা ইঞ্জিনিচালিত নৌকায় করে নিয়ে যান জহুর উদ্দিন ও তার লোকজন। মেলা শেষে রাতে ট্রলারেই ঘুমিয়ে ছিলেন তারা। শুক্রবার ভোরে কয়েলের আগুন থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায় পুরো ট্রলারে।
এসময় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান জহুর উদ্দিন। বাকিদের মাঝে একজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল ভর্তি করা হয়েছে, একজনকে ঢাকায় পাঠানোসহ ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিকলী থানার ওসি মো. শামছুল আলম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এসজে