ব্রিজে ব্যাপক ফাটল, ঢাকা-আরিচা মহসড়কে তীব্র যানজট

ঢাকা আরিচা মহাসড়কের সাভারের সালেহপুরের ফাটল ব্রিজে ২য় দিনের মতো একপাশে যানচলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় এখনো ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট বিরাজ করছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ফাটল ব্রিজটি পরিদর্শন করেছেন সড়ক ও জনপদ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন।

তিনি বলেন, আজ দুপুর নাগাত ফাটল ব্রিজটির কাজ শুরু হতে পারে। এজন্য দ্রুত ফাটল ব্রিজটি মেরামত করে আগামীকালের মধ্যে যানচলাচলের জন্য উপযোগী করা হতে পারে।

তিনি আরো বলেন, ফাটল ব্রিজটি মেরামত করতে আরও দশ থেকে ২০ দিন সময় লাগতে পারে। ফাটল ব্রিজের পাশে খুব দ্রুত চার লেনের একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে বলে জানান তিনি।

শুক্রবার (১৫ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো শুক্রবার সকাল থেকে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে গাড়ির চাপে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। এদিকে ব্রিজটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিন বাজারের সালেহপুর ব্রিজের ৮টি বীমের মধ্যে ৪টিতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এছাড়া ব্রিজটির এক পাশ নিচের দিকে চলে গেছে। এমন অবস্থায় জীবনের ঝুঁকি নিয়েই ব্রিজের একপাশ দিয়ে গাড়ি চলাচল করছে। এই ব্রিজটি প্রায় শত বছর আগে নির্মিত হয়েছিল। এলাকাবাসী দ্রুত ব্রিজটি মেরামত করে যানচলাচলের জন্য উন্মুক্ত করার জন্য সড়ক বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর