খোঁজখবর নেয় না কোন সন্তান, ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

শুক্রবার সকাল ৮ টায় সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের পালিচড়া বাজারের পাশে একটি নির্মাণাধীন ভবনের পাশে আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

নিহতের নাম রাজু মিয়া (৫৪) তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের ভাড়াটিয়া ছিলেন। রাজু মিয়ার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নে।

নিহত রাজুর সম্পর্কে খালাতো ভাই সাগর মিয়া জানান, এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার ছিল রাজু মিয়ার। মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করছেন। ছেলের লেখাপড়া ও মেয়ের বিয়ে দিতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন রাজু।

একপর্যায়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। স্ত্রী তার বাবার বাড়ি পীরগাছা উপজেলার কদমতলীতে চলে যান। এদিকে সন্তানরাও তার খোঁজ খবর নিচ্ছিল না। এ অবস্থায় চার মাস আগে সদ্যপুস্করিনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের একটি রুম ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন রাজু। দিন-রাতে তার কাছেই খেতেন এবং রুম ভাড়ার টাকা রাজুর বোনরা পাঠাতেন।

বাসার মালিক মতিয়ার রহমান জানান, চার মাস আগে তিনি একটি রুম ভাড়া নেন রুম। প্রতি মাসে সাতশো টাকা করে ভাড়া দিতেন।

মানুষ হিসেবে সহজ সরল ছিলেন রাজু।পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। শুক্রবার ফজরের নামাজ পড়তে মসজিদেও গিয়েছিলেন।
সকালে প্রতিবেশীদের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি।

সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বার্তাবাজারকে জানান, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর