ময়মনসিংহের তারাকান্দায় মুক্তিপনের টাকা না দেওয়ায় ৭ বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। অপহরনের তিন দিন পর শুক্রবার(১৫ জানুয়ারি) সকালে সানজিদা আক্তার নামের শিশুটির মরদেহ তার বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়।
এর আগে, গত মঙ্গলবার (১২ জানুয়ারি) উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে অপহৃত হয় শিশুটি।

সানজিদার বাবা শাজাহান আকন্দ জানান, ‘গেল মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। খেলা করার এক পর্যায়ে নিখোঁজ হয় আমার মেয়ে(সানজিদা)। চারদিকে মেয়েকে খুঁজে না পেলেও বাড়িতে একটি চিরকুট পাই। চিরকুটে লিখে রাখা নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু বার বার যোগাযোগ করার পরও নাম্বারটি বন্ধ পাই। একদিন পর বুধবার অপহরনকারিরা তাদের বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা পাঠাতে বলে। এ ঘটনার পরপরই তারাকান্দা থানায় সাধারন ডায়েরি করি। এরপরও পুলিশ আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি। অপহরণকারীরা আমার মেয়েকে হত্যা করে জঙ্গলে ফেলে রাখে। পুলিশের কাছে না গিয়ে টাকা পাঠালে আমার মেয়েকে ঠিকই ফেরৎ পেতাম।’
জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, অপহরনকারীদের সনাক্ত করার চেষ্টা করছিল পুলিশ। কিন্তু আজকে সানজিদার লাশ পাওয়া গেল। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে। আশা করছি অচিরেই অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।
বার্তাবাজার/পি