আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা-ইন্টারপোলের হাতে বাংলাদেশি দুই মানবপাচারকারী গ্রেপ্তার হয়েছে। তারা দুজনই ইন্টারপোলের রেড নোটিশভুক্ত আসামি ছিলো।
গ্রেফতারকৃতরা হলো-জাফর ইকবাল ও শাহাদত হোসেন।
এদের মধ্যে কিশোরগঞ্জের জাফর ইকবাল গ্রেফতার হয়েছে ইতালি পুলিশের হাতে। অন্যজন মাদারীপুরের শাহাদত হোসেন গ্রেপ্তার হয়েছেন ঢাকায়।
গত বছর মে মাসে লিবিয়ার মিজদাহ শহরে মানব পাচারকারীদের গুলিতে ২৬ বাংলাদেশিসহ ৩০ জন নিহত হওয়ার ঘটনায় এই দুই ব্যক্তি আসামি ছিলেন। সিআইডি এই দু’জনসহ ৬ মানব পাচারকারীকে ধরিয়ে দিতে গত নভেম্বরে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছিলো।
জানা যায়, ইতালি পুলিশ জাফরকে আদালতে হাজির করার পর তাকে কারাগারে পাঠায়। জাফরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ৪০ কার্যদিবসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার কথা রয়েছে। তবে ইতালির সঙ্গে বাংলাদেশের বন্দী প্রত্যার্পণ চুক্তি নেই। তবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জাফরকে ফিরিয়ে আনা যেতে পারে।
বার্তাবাজার/ই.এইচ.এম