জনগণের সমস্যা সমাধানে সরকার তৎপর: শিল্প প্রতিমন্ত্রী
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জনগণের সমস্যা সমাধানে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) শিল্প প্রতিমন্ত্রী রাজধানীর মিরপুর-১০ এ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে একথা বলেন।
তিনি বলেন, করোনার ফলে কর্মহীন হয়ে পড়া সকল অসহায় মানুষকে সরকার খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেছে। এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী প্রায় ৫০০ জন স্থানীয় শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, করোনার টীকা গ্রহণ না করা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। বাইরে অবস্থানকালে সকলকে সার্বক্ষণিকভাবে মাস্ক পরিধানের বিষয়ে আন্তরিক হওয়ার আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী।
এসময় তিনি তাঁর নির্বাচনি এলাকায় বসবাসরত সকলের জন্য টীকা নিশ্চিত করা হবে বলে জানান।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এ.আর