বোয়ালমারী পৌর নির্বাচন: আ’লীগের অফিস ও নৌকায় আগুন

ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনকে সামনে রেখে সহিংসতায় আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয় ও প্রচারণার কাজে ব্যবহৃত নৌকায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) গভীর রাতে পৌরসভার ৪ ও ৬ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, সহকারী ভূমি কমিশনার মারিয়া হক, থানার ওসি নুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা যায়, পৌরসভার ৪নং ওয়ার্ডের আমগ্রাম খাঁ বাড়ি মোড়ে অবস্থিত আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে বুধবার (১৩ জানুয়ারি) রাত ২টার দিকে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা।

একইরাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের ছোলনা গ্রামের চুন্নু বিশ্বাসের বাড়ির পাশে রেলগেট এলাকায় প্রচারণার কাজে সাঁটিয়ে রাখা একটি নৌকাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

আগামী ১৬ জানুয়ারি নির্বাচনের মাত্র ২ দিন আগে এই ঘটনায় এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই আশঙ্কা করছেন নির্বাচনের দিন কোনো অপ্রিতিকর ঘটনার।

বোয়ালমারী থানার ওসি নুরুল আলম বিওলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছেন। আইনী পদক্ষেপ চলমান আছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর