আখাউড়ায় মেয়র প্রার্থীকে জুতাপেটা করার অভিযোগ, থানায় জিডি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর এক সমর্থকের বিরুদ্ধে আরেক মেয়র প্রার্থী নুরুল হক ভূইয়াকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলা শহরের সড়কবাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, জুতাপেটার ঘটনায় অভিযুক্ত সোহাগের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তার বিরুদ্ধে এর আগেও আখাউড়া থানায় মাদকসহ৪ টি মামলা রয়েছে।

সূত্র জানায়, জুতাপেটা করার ঘটনায় অভিযুক্ত সোহাগ মোল্লার বিরুদ্ধে রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নুরুল হক ভূইয়া। সোহাগ আখাউড়া উপজেলার দেবগ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাদের মোল্লার ছেলে।

মেয়র প্রার্থী নুরুল হক ভূইয়া অভিযোগ করে বলেন, রাতে সড়কবাজারে একটি চায়ের দোকানে বসে চা পান করার সময় মাদক সন্ত্রাস সোহাগসহ আরও কয়েকজন দোকানে আসে। তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোয় সোহাগ আমাকে জুতাপেটা করে। আমি থানায় জিডি করেছি।

আখাউড়া পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজল জানান, নুরুল হক ভূইয়াকে জুতাপেটা করার ঘটনা তিনি জানেন না।

এ ব্যাপারে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমদ নিজামী বলেন, হামলাকারী সোহাগের বিরুদ্ধে থানায় আরো ৪টি মামলা রয়েছে। জুতাপেটার ঘটনায় জিডি হয়েছে। বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। সে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতির পুত্র।

প্রসঙ্গত, নুরুল হক ভূইয়াও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও একবার আখাউড়া পৌরসভার মেয়র ছিলেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর