রাজধানীর রমনা থানাধীন এলাকা হতে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- মোঃ কবির হোসেন (৩৫)। তার কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
বুধবার (১৩ জানুয়ারি) রমনা থানাধীন মগবাজার চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম।
অভিযানের নেতৃত্ব দেওয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সহকারি পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন ভাবে রাজধানীতে নিয়ে আসত। এরপর এই গাঁজা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম