ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এই দণ্ডাদেশ দেয় দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট।
গতবছর জুলাই মাসে পার্ককে প্রায় ৩০ বছরের জেল ও ২০ বিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল। তবে ওই জরিমানা ও কারাদণ্ডের মেয়াদ কমিয়ে বৃহস্পতিবার (১৪ জনুয়ারি) দেশটির উচ্চ আদালত চূড়ান্ত এই রায় দেয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে প্রথম নারী হিসেবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেন পার্ক। এরপর থেকেই তার বিরুদ্ধে সাংবিধানিক আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে।
তার বন্ধু চোই সুন-সিল পার্কের সঙ্গে সম্পর্কের সুবাদে অর্ধশতাধিক প্রতিষ্ঠান থেকে অনুদানের নামে সাড়ে ৬৫ মিলিয়ন ডলার হাতিয়ে নেন বলে অভিযোগ ওঠে পার্কের বিরুদ্ধে।।
এর মধ্যে হুন্দাইয় ও স্যামসাংয়ের মতো কোম্পানিও রয়েছে। ওই অর্থ সন্দেহভাজন একটি ফাউন্ডেশনের নামে নেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগে বলা হয়, পার্ক এসব ফান্ড থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন।
এসকল অভিযোগের কারণে ২০১৬ সালের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা পার্ককে অভিশংসিত করার পক্ষে ভোট দেন। তখন থেকেই প্রেসিডেন্ট থেকে তাকে সাময়িক বরখাস্ত করে রাখা হয়। পরে ২০১৭ সালের ১০ মার্চ পার্ককে সংবিধানের আদালত চূড়ান্তভাবে অভিশংসিত করে তাকে গ্রেফতার করে।
বার্তাবাজার/ই.এইচ.এম