রাজধানীর তাপমাত্রা কমে আসবে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরও ২-৩ দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার(১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, কুড়িগ্রাম ও সৈয়দপুরে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। এর প্রভাব রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পড়বে। বাংলাদেশে শীতের দাপট মূলত চলে জানুয়ারি মাসজুড়ে। ২০১৮ সালের ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের ইতিহাসে সর্বনিম্ন ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ২০১৩ সালের ১১ জানুয়ারি সৈয়দপুরের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, বছরের শুরুতে এটা প্রথম দফা শৈত্যপ্রবাহ। ডিসেম্বরেও টানা কিছুদিন এক দফা শৈত্যপ্রবাহ ছিল। মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করবে কিছু কিছু এলাকায়। সেই সঙ্গে বিস্তারও বাড়বে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বিরাজ করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।