‘নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা আছে বলেই ভোটকেন্দ্রে যায়’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, বর্তমানে বাংলাদেশে নির্বাচনে কোন অনিয়ম হচ্ছে না। বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ, এই জন্যই দেশে পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে আসন্ন ১৬ জানুয়ারি সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে সাভার উপজেলা পরিষদের হল রুমে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে এসব বলেন তিনি।
নূরুল হুদা জানান, বিএনপিকে সবসময় সকল নির্বাচনে আনার চেষ্টা করা হয়। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যেকোন দেশে সাধারণ নির্বাচনে যে দল হেরে যায় তারা কারচুপির অভিযোগ তোলে।
সিইসি বলেন, পৌরসভা নির্বাচনের আগে সাভারে কোন বহিরাগত মানুষ থাকতে পারবে না। এমনকি কোন ব্যক্তি অস্ত্র নিয়ে কোথাও থাকতে পারবে না।
নির্বাচনের পরিবেশ কেউ অশান্তি সৃষ্টি করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কশিনের পক্ষে মানুষের আস্থা রয়েছে, এজন্য সকল ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠ ভাবে ভোট দিতে পারছে। ইভিএমএ ভোট কারচুপি হয়না বলেও দাবি করেন।
আইন শৃঙ্খলা সংক্রান্ত এই সমন্বয় সভায় এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মোঃ আলমগীর, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ।
বার্তাবাজার/এ.আর