বিনা অপরাধে মায়ের সাথে জেলে শিশু, ছবি প্রকাশ করলো পুলিশ!

১১ বয়সী শিশু অপরাধ না করেও মায়ের অপরাধে যেতে হয়েছে জেলে। তাও আবার নিয়ম বহির্ভূতভাবে প্রকাশ করা হয়েছে নিরাপরাধ শিশুটির ছবি। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায়।

শিশুটির নাম সাগর (ছদ্ম নাম)। জেলা পুলিশ, কুড়িগ্রাম এর ফেইসবুক পেজ প্রকাশিত একটি ছবিটিতে দেখা গেছে একটা পুরুষ ও মাকে ইয়াবা বিক্রি করার দায়ে গ্রেফতার করা অবস্থায় মায়ের কোলে শিশুটি রয়েছে। ছবি প্রকাশ করার সময় শিশুর মুখ ঢাকতে মুখের উপর কোন ধরণের স্টিকার বা ঝাপসা করে দেয়া হয়নি।

সরকারি আইন অনুযায়ী অপ্রাপ্ত বয়সীদের ছবি প্রকাশ করা যাবে না এবং তাদের নাম ব্যবহারের ক্ষেত্রে ছদ্ম নাম দিতে হবে এবং জেলা প্রবেশন অফিসারকে অবহিত করে শিশুর বয়স কম হলে শিশুরা সর্বাধিক গুরুত্ব পায় সাজা কমানো বা শিথিল করার ক্ষেত্রে। জেলা প্রবেশন অফিস বিষয়টি জানেন কি না, শিশুর ছবি এ ভাবে প্রকাশ এবং কারাগারে রাখার বিষয়ে জানার জন্য ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিককার ফোন দিলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পুলিশের দেয়া তথ্যমতে জানা যায়, কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মঙ্গলবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় বালাটারী কালিরহাট হতে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- উলিপুর উপজেলার পান্ডুল এলাকার বৈরাগীটারি গ্রামের বিশ্বনাথ মোহন্তের ছেলে মানিক চন্দ্র মোহন্ত (৩২) ও ফুলবাড়ি উপজেলার বালাটারি দাশিয়ারছড়া গ্রামের আনিছুর রহমানের স্ত্রী মোছাঃ রাহিলা বেগম(৩৫)।

পুলিশ জানায়, রাহেলাকে নিজ স্ত্রী পরিচয় দিয়ে বিভিন্ন সময় ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য পরিবহন করতো মানিক এবং পুলিশের চোখ ফাঁকি দিতে তারা সাথে একটি শিশু রাখত, যাতে কারো সন্দেহ না হয়।

এই বিষয়ে ফুলবাড়ী থানা নিয়মিত একটি মাদক আইনে মামলা রজু করেছেন। ফুলবাড়ি থানা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কনস্টেবল জানান, বাচ্চাটি ছোট হবার কারণে মায়ের সাথে বাচ্চাটিকে কারাগারে রাখা হয়েছে।

কুড়িগ্রাম প্রবেশন অফিসার এর সরকারি নম্বর পাবার জন্য শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করা ১০৯৮ হট লাইন নাম্বারে ফোন দিলে তারা যে সরকারি নম্বরটি দেন কুড়িগ্রাম অফিসারের নাম করে, সেই সরকারি নম্বরে ফোন দিয়ে দেখা যায় সেটি ভুল নম্বর আর নম্বরের ব্যক্তি লন্ডনে অবস্থান করছেন।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোছাঃ সৈয়দা জান্নাত আরা বার্তা বাজারকে জানান, শিশুটি মায়ের দুধ পান করে তাই মায়ের সাথে শিশুটিকে রাখা হয়েছে। আর ছবি প্রকাশের বিষয়টি ঠিক হয়নি, আমরা পোস্টটা রিমুভ করে দিচ্ছি।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর