আগামী ১৬ জানুয়ারির পৌরসভা নির্বাচনে নিজের পক্ষে প্রকাশ্যে সিল মারার নির্দেশ দিয়েছেন কুষ্টিয়ার মিরপুর পৌরসভা আওয়ামী লীগের মেয়র প্রার্থী এনামুল হক।
তার এমন বক্তব্যের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গত ৯ জানুয়ারি উপজেলার ৩নং ওয়ার্ডের মোশারফপুরে পৌর এলাকায় একটি নির্বাচনী গণসংযোগের বক্তব্যে এসব কথা বলেন তিন। তার এমন বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর ওই এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
তার এমন বক্তব্যের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তার লিখিত অভিযোগ করেছেন আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী আরিফুল ইসলাম।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী এনামুল হক পৌরসভার ভোটারদের উদ্যশ্যে বলতেছেন, আপনি যদি ওপেন ভোট দেন, তা হলে তো কেউ নিষেধ করতে পারবে না। আপনাদের মধ্যে যাতে দূরত্ব না বাড়ে।
দেখা যাবে আপনি ভোট দিতেছেন, আরেকজনও দিতে এসেছে। এখন আরেকজন যদি ভেতরে ঢুকে ভোট দেয়, তা হলে মনে সন্দেহ দেখা দিতে পারে। মনে হতে পারে হয়তো নৌকায় ভোট দেয়নি।
তাই আপনারা সব ওপেন করে দেন। তা হলে আর একে অপরের প্রতি সন্দেহ থাকবে না। আপনারা কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ভোট ভেতরে গিয়ে দেবেন আর মেয়র ভোট সরাসরি সামনে দেবেন।
ওই এক মিনিট ২২ সেকেন্ডের ভিডিও ক্লিপে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এনামুল হক বলতে শোনা গেছে, ‘ভোট ভয়ের কোনো ব্যাপার না, আমি যদি সবার সামনে সিল মেরে দিই তা হলে কারও কিছু বলার নেই। সবাই নৌকায় সিল মেরে দেবেন প্রকাশ্যে, কোনো সমস্যা নাই, যেখানে সবাই একতরফা ভোট দেবে। সেখানে কেন আপনি সন্দেহের মধ্যে থাকবেন। তাই কাউন্সিলরের দুটি গোপন কক্ষে আর মেয়রের ভোট প্রকাশ্যে দেবেন, কাউকে ভয় পেতে হবে না।
এসব বিষয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এনামুল হকের কাছে জানতে চেয়ে তাকে ফোন করলে সে বার বার ফোন কেটে দেন।
পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং তাকে ডেকে এনে সতর্ক করা হয়েছে। নির্বাচনি আচরণ-বিধি লঙ্ঘনের পরও কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, এমন প্রশ্ন করলে কোন উত্তর না দিয়ে এড়িয়ে যান রিটার্নিং অফিসার।
বার্তাবাজার/ই.এইচ.এম