বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম) প্রাণঘাতি করোনা ভাইরাস ধ্বংস করতে সক্ষম এমন নাজাল স্প্রে আবিষ্কারের দাবি জানিয়েছে। তাদের দাবি, বিশ্বে এ ধরনের স্প্রে এটাই প্রথম, যার নাম রাখা হয়েছে ‘বঙ্গসেফ ওরো-নাজাল স্প্রে’।
মঙ্গলবার (১২ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে তারা তাদের এ আবিষ্কারের কথা জানান।
সচিবালয়ে এক ব্রিফিং-এ বলা হয় অল্প পরিসরে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে প্রায় ২০০ জন করোনা রোগীর মধ্যে এই নাজাল স্প্রের ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে। এতে কার্যকারিতা সক্ষম বলে প্রমাণিত হয়েছে।
এ বিষয়ে বিআরআইসিএমের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মালা খান বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালে ৮০ শতাংশের বেশি কার্যকারিতা পাওয়া গেছে। আরও বেশি সংখ্যক মানুষের ওপর পরীক্ষা করার জন্য এখন তারা বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলে আবেদন করবেন।
এই স্প্রে আবিষ্কারের জন্য বিআরআইসিএমকে ধন্যবাদ জানায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে স্প্রেটি সম্পর্কে প্রচার-প্রচারণা বাড়ানো এবং ব্যবহারের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করবে বলেও জানাান।
এ বৈঠকে সভাপতিত্ব করেন আ ফ ম রুহুল হক। তার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন হাবিবে মিল্লাত, ইকবালুর রহিম, শফিকুল আজম খান, মোজাফফর হোসেন, নিজাম উদ্দিন হাজারী, সেলিমা আহমাদ ও শিরীন আহমেদ।
বার্তাবাজার/ই.এইচ.এম