পাইকগাছায় নৈশ পরিবহনে ডাকাতি, ৬ ডাকাত আটক

খুলনার পাইকগাছা থানা পুলিশ নৈশ পরিবহনে ডাকাতির ঘটনায় ৬ ডাকাত সদস্যকে আটক করেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ গত দু’দিনে মাদারীপুর সহ এলাকার বিভিন্ন স্থান থেকে এদেরকে আটক করে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় থানা চত্বরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আসামীদের জড়িত থাকা এবং আটকের বর্ণনা করেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফী।

এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে ওই ডাকাতদের উপস্থিত করা হয়। গ্রেফতার হওয়া ৬ ডাকাত সদস্য হলো- পাইকগাছা উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ড গোপালপুর গ্রামের সাইদুল গাজী (২১), রাড়–লী গ্রামের ইমরান গাজী (২১), বাপ্পী গাজী (২১), গোপালপুর গ্রামের মেহেদী হাসান (২১), গদাইপুর গ্রামের আল-আমিন (৩৫) ও ফতেপুর গ্রামের তাকবীর হোসেন (২৩)।

ওসি এজাজ শফী জানান, আটককৃতদের মধ্যে সাইদুল ও ইমরানকে মাদারীপুরের একটি ইট-ভাটা থেকে এবং অন্যান্যদের এলাকার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। আটককৃতরা পরিবহন ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে। তাদেরকে নৈশ পরিবহন ডাকাতির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর উপজেলার গদাইপুর গেদুর দোকান সংলগ্ন কার্ত্তিকের মোড় নামক স্থানে রাত দেড়টার সময় সড়কে গাছের গুড়ি ফেলে ঢাকা থেকে ছেড়ে আসা ‘কিং ফিসার’ নৈশ পরিবহনে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবহনের সুপার ভাইজার আছাফুর রহমান বাদী হয়ে পরের দিন ১৫ ডিসেম্বর অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা করে যার মামলা নং- ১১। পরে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ এ ঘটনায় ৩ জনকে আটক করে এবং তাদের দেওয়া তথ্য মতে ১ মাসের মধ্যে আরো ৬ ডাকাত সদস্যকে আটক করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর