নড়াইলে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে বিজয় দিবস বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এস এম সুলতান একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে এসএম সুলতান একাদশ।
১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান করে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ। যার ফলে ৭ রানে হারে দলটি। ৪ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ের নায়ক আল ইমরান।
এসএম সুলতান একাদশের হয়ে বল হাতে উইকেট মেডেন নেওয়া মোহাম্মদ আশরাফুল ব্যাট হাতে করেন ২৫ রান। অন্যদিকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশের হয়ে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান।
পেসার আল আমিনের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে সাঝঘরে ফিরেন তিনি। শেষ পর্যন্ত অল্পের জন্য হেরে যায় তার দল। চ্যাম্পিয়ন দল এসএম সুলতান একাদশ পেয়েছে প্রাইজমানি হিসেবে ৩ লাখ টাকা, রানার্সআপ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ পেয়েছে ২ লাখ টাকা।
এছাড়াও ম্যাচসেরা আল ইমরান ৫ হাজার টাকা, ম্যান অব দ্য ফাইনাল রাজিবুল ১৫ হাজার টাকা পুরস্কার পান। মাশরাফির পরিকল্পনা ও ব্যবস্থাপনায় নড়াইলে প্রথমবারের মতো আয়োজিত হওয়া এই টুর্নামেন্ট অংশ নিয়েছিল মোট ৫টি দল।
বার্তাবাজার/এস.জি