আনোয়ারায় মাছ ধরার নৌকা থেকে জাটকা জব্দ

চট্টগ্রামের আনোয়ারার সাঙ্গু নদীতে ৩টি বোট থেকে ২শ’ কেজি জাটকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুরে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে উপজেলা মৎস্য বিভাগ ও সাঙ্গু কোস্টগার্ড।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, নভেম্বর থেকে জুন পর্যন্ত ইলিশ ধরা নিষেধাজ্ঞা থাকলেও আনোয়ারায় নির্বিচারে জাটকা ইলিশ ধরছেন জেলেরা।
প্রজনন মৌসুমে জাটকা ইলিশ নিধন রোধে সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দাম বেশি পাওয়ার আশায় জেলেরা কোনো নির্দেশ মানছেন না।
উপজেলা মৎস্য অফিস জাটকা নিধন প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২শত কেজি জাটকা ইলিশ জব্দ করেছেন।

অভিযানে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান আহমেদ। এসময়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, মৎস্য কমকর্তা রাশিদুল হক, এফএ জাহেদ আহমেদ, অফিস সহকারী মোহাম্মদ এনামুল হকসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মৎস্য কমকর্তা রাশিদুল হক বলেন, সাঙ্গু নদীতে অভিযান চালিয়ে ২শত কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ করা জাটকা মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। জাটকা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, ইলিশ রক্ষায় প্রতিবছর নভেম্বর থেকে জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরা ও পরিবহন নিষিদ্ধ। এই আইন অমান্য করলে কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর