গত বছরের অক্টোবরে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ খেলে ক্রিকেটকে বিদায় বলেন দেশটির সাবেক পেসার উমর গুল। ক্রিকেটকে বিদায় জানিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন তিনি।
তবে ক্রিকেটার হিসেবে নয়, কোচ হিসেবে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ মৌসুমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। ওমর গুলকে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত দলটির মালিক নাদিম ওমর।
এদিকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কোচের দায়িত্ব পেয়ে আনন্দিত গুল। তিনি বলেন, পিএসএলের অন্যতম সেরা দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দিতে পেরে আমি আনন্দিত। দলে বেশ কয়েকজন দারুণ বোলার আছে। আমি তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। আমার ওপর বিশ্বাস রাখায় আমি নাদিম ওমর ও মঈন খানকে ধন্যবাদ জানাই।
পাকিস্তান জাতীয় দলের হয়ে ৪৭টি টেস্টে ১৬৩ উইকেট, ১৩০টি ওয়ানডে ম্যাচে ১৭৯টি উইকেট ও ৬০টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৫টি উইকেট নেন গুল। এছাড়াও ২০০৯ সালে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।
বার্তাবাজার/এস.জি