সাতক্ষীরায় জমি জমা বিরোধ নিয়ে কৃষককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে দেয়াড়া মাঠপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহত ব্যক্তি হলেন- দেয়াড়া মাঠপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে কৃষক আমজেদ গাজী (৫১)।

জানা গেছে, আমজেদ গাজীর জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল আগে থেকেই। আর এরই জের ধরে এ হত্যার ঘটনাটি ঘটেছে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে কলারোয়া থানায় নিয়ে আসা হয়েছে।

নিহতের ছেলে সুমন বার্তা বাজারকে জানান, সকালে তার চাচাতো ভাইয়েরা হঠাৎ করে তাদের উপর আক্রমণ করেন। কিছু বুঝে ওঠার আগেই লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে তার বাবাকে মেরে ফেলে। এ ঘটনায় আরও দুজন আহত হয়। তাদের চিকিৎসার জন্য কলারোয়া হাসপাতালে নেয়া হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবির বার্তা বাজারকে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে দেয়াড়া মাঠপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে কৃষক আমজেদ গাজীকে (৫১) লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে তারই কতিপয় আত্মীয়-স্বজন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর