ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে অটোরিকশার ধাক্কা লাগায় সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউপির বড়তল্লা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বড়তল্লা গ্রামের শেখ বাড়ির মিলন মিয়ার সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একই গ্রামের আনসার আলী বাড়ির কাউসার মিয়ার ধাক্কা লাগে। এরপর কাউসার মিলনকে মারধর করেন।

এ ঘটনায় আনসার আলী ও শেখ বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এবং এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। সংঘর্ষের খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বার্তা বাজারকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর