তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১০ জানুয়ারি বাংলাদেশে আসে ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটাররা। বাংলাদেশে আসার পর দলের সব ক্রিকেটার, কোচিং স্টাফ করোনা পরীক্ষা করিয়েছেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ দলের সবাই করোনামুক্ত আছেন। যার ফলে তাদের অনুশীলন করতে কোনো সমস্যা নেই।
তবে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষ করে নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবেন তারা। এরপর আগামী বৃহস্পতিবার থেকে বিসিবির সুবিধা ব্যবহার করে তারা অনুশীলন করতে পারবে। বিসিবির নিযুক্ত স্থানীয় নেট বোলার ও স্টাফদের সহায়তা পাবে ক্যারিবীয়রা।
আগামী ১৮ জানুয়ারি বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে নামবে তারা। এরপর ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি দুটি ওয়ানডে হবে যথাক্রমে ২২ ও ২৫ জানুয়ারি। টেস্ট সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ ও ১১ ফেব্রুয়ারি।
বার্তাবাজার/এস.জি