রাজধানী মিরপুরের পল্লবীতে মা’কে গলাকেটে হত্যার অভিযোগে বাবাকে পুলিশে দিলো ছেলে।
সোমবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম সেলিনা খাতুন(৪০)। আটক ব্যক্তির নাম রবিউল ইসলাম (৫০)।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল ইসলামের সঙ্গে স্ত্রী সেলিনা ওরফে বুলিনার প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। সোমবার সকালে তারা ২ জন দরজা বন্ধ করে ঝগড়া করছিলেন। হঠাৎ রবিউল বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাকে দেখে সন্দেহ হয় তাদের ছেলে মোঃ রেজার(২০)। রেজা তখনই ঘরের ভেতর যান এবং মাকে কম্বল প্যাঁচানো অবস্থায় পান। পরে দেখতে পান তার মা মৃত এবং গলায় ছুরির পোঁচ। পরে ছেলে রেজাই বাবাকে আটকে রেখে পুলিশকে খবর দেন।
পুলিশ জানান, ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় ব্যক্তিরা রবিউলকে মারধর করেন। এর পরে ঘটনাস্থল থেকে রবিউলকে গ্রেফতার করে পুলিশ। রবিউল নিজেই রক্তমাখা ছুরি পুলিশের হাতে তুলে দেন।
রবিউলকে মঙ্গলবার আদালতে হাজির করার কথা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন রবিউল।
বার্তাবাজার/পি