বরগুনায় নৌকার মেয়র প্রার্থী মহারাজের ইশতিহার ঘোষণা

বরগুনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ ইশতিহার ঘোষনা করেছেন। সোমবার (১১ জানুয়ারি) বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এই ইশতিহার ঘোষনা করেন তিনি।

এই ইশতিহারে ৩১ দফা উন্নয়নের ফিরিস্তি পাঠ করেন,নির্বাচন পরিচালনা মিডিয়া সেলের আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু।

এ ইশতিহারে উল্লেখ করা হয়েছে বরগুনা পৌরসভাকে নান্দনিক, জন-সেবামূলক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে পৌরবাসীর জন্য নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ করা, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা, ক্লিন বরগুনা, শিশুদের জন্য শিশু পার্ক নির্মান, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, সকল ঠিকাদারদের জন্য কাজের টেন্ডার উম্মুক্ত করা, সন্ত্রাস চাঁদাবাজ নির্মুল করা, ওয়ানস্টপ সার্ভিস চালু করা ইত্যাদি।

এ সময়ে মেয়র প্রার্থী এ্যাড. কামরুল আহসান মাহারাজ বলেন, বরগুনার সাবেক মেয়র শাহাদাত হোসেন আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে গত ২০১৫ সালের মেয়র নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী হয়ে বরগুনা পৌরসভা লুট-পাট করেছেন।

বর্তমানে তিনি শত শত কোটি টাকার মালিক হয়েছেন। দুর্নীতির কারনে এবছরও তিনি দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

তিনি আরও বলেন, মেয়র শাহাদাত হোসেন ছিলেন মাত্র ১৮ শত টাকা বেতনের একজন করনিক। মেয়র হয়ে বর্তমানে তিনি শত শতকোটি টাকার মালিক হয়েছেন।

এবার তার মেয়ে মহাসিনা মিতুলকেও মেয়র প্রার্থী করেছেন। বিগত ১০ বছরে তিনি বরগুনা পৌরসভার কোন উন্নয়ন না করে সব লুটপাট করেছেন।

বরগুনা পৌরসভায় ঠিকাদারী লাইসেন্স ছিলো মোট ৩১০ টি। সে লাইসেন্সের ভিতর মেয়রের ৬ টি ব্যতিত ৩০৪ টি লাইসেন্স নবায়ন বাতিল করেন এবং তার ৬টি লাইসেন্সের কাজ তিনি একাই করাতেন।

গত ১০ বছরে ৩০৪ টি লাইসেন্স নবায়ন না দেওয়ায় সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারিয়েছে

এ ছাড়াও তিনি বলেন, আল্লাহপাক রাব্বুল আলা আমীন যদি আমাকে নির্বাচিত করেন তাহলে বরগুনা পৌরসভার সকল অনিয়ম ও দূর্নিতী আমি রোধ করবো ইনশাআল্লাহ।

এ সময়ে উপস্থিত ছিলেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মো: হুমায়ূন কবীর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবদুল মোতালিব মৃধা, যুগ্ম সম্পাদক আব্বাস হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নশা, সদস্য মো: শাহজাহান, সদস্য মশিউর রহমান শিহাব, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর