ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল এলাকায় জহিরুল ইসলাম (৩০) নামের এক যুবককে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
আহত জহিরুল সেগুনবাগিচায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শ্রীকালিয়া মোল্লাবাড়ি গ্রামের ডা. নুরুল ইসলামের ছেলে। পুরান ঢাকার সিদ্দিকবাজারে বসবাস করে তিনি চাকরি করেন।
জহিরুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী রেজাউল মিয়া জানান, ঢাবির সুফিয়া কামাল হলের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল ওই যুবক। পরে তাকে হাসপাতালে নিয়ে আসি। তার দুই পায়ের রানে ও পেটে ছুরির আঘাত রয়েছে। ছিনতাইকারীরা তার মোবাইল সেটটি ছিনিয়ে নিয়ে গেছে বলে জানতে পেরেছি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে দায়িত্বরত উপ-পরিদর্শক আব্দুল খান জানান, আহত অবস্থায় তাকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। অফিস থেকে পায়ে হেটে বাসায় যাওয়ার সময় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনাটি শাহবাগ থানায় জানানো হয়েছে।
বার্তাবাজার/এসজে