সাতক্ষীরায় গণপূর্ত বিভাগে কর্মরত উচ্চমান সহকারী আবুল হাসানের বিরুদ্ধে তার এক নারী সহকর্মীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রোববার (১০ জানুয়ারি) ভুক্তভোগী নারী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা গণপূর্ত বিভাগের উচ্চমান সহকারী মো. আবুল হাসনাত প্রায়ই ওই নারীকে কুপ্রস্তাব দিতেন। কিন্তু আত্মসম্মানের ভয়ে এতদিন বিষয়টি গোপন রেখছেন। গত ৩১ ডিসেম্বর দুপুরে হিসাব রক্ষক হাসানুর রহমানকে দিয়ে আবুল হাসান ওই নারীকে ডেকে পাঠান।
তিনি কিছু কাজ সেরে ১ টার দিকে আবুল হাসানের কক্ষে যান। তখন আবুল হাসান তাকে কুপ্রস্তাব দিলে তা তা প্রত্যাখ্যান করেন। এসময় আবুল হাসান তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। তখন তার চিৎকার শূনে সহকর্মীরা এগিয়ে এলে আবুল হাসান দ্রুত কক্ষ ত্যাগ করেন।
এ বিষয়ে জানতে সোমবার (১১ জানুয়ারি) আবুল হাসানকে ফোন করা হলে তিনি জানান, আমার পাশে লোকজন রয়েছে। এখন কথা বলতে পারছি না। পরে কথা হবে।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ওই নারী সহকর্মীর লিখিত অভিযোগ পাওয়ার পর সাতক্ষীরা গণপূর্ত বিভাগের স্টাফ অফিসার ফিরোজ আলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি তদন্ত রিপোর্ট জমা দেবে।
সাতক্ষীরা সদর থানার (ওসি) তদন্ত বোরহান উদ্দীন জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়েছে কি না তা তার জানা নেই।
বার্তাবাজার/এসজে