দেশের গণতন্ত্র ও শৃঙ্খলা ধ্বংসের অপরাধে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরনোত্তর বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার (১১ জানুয়ারি) স্বেচ্ছাসেবক লীগে আয়োজিত এক আলোচনা সভায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তিনি এই কথা বলেন।
নানক বলেন, আর্মির চিফ হয়ে জেনারেল জিয়াউর রহমান সেনাবাহিনীর কোন রুলসে দল গঠন করলেন? এদেশের নির্বাচন ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে গিয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ৫০ বছর আগে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তার কন্যা শেখ হাসিনা একে একে তা বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনা আছেন বলেই আজ বাংলাদেশের মানুষ নির্বিঘে্ন ঘুমাতে পারে। সেই আস্থা রয়েছে বলেই জনতার রায়ে তিনি চতুর্থবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন।
তিনি বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন দেশের একটি রাজনৈতিক দল বিএনপি তা দেখতে পায় না। তাদের সময় দেশের সংবিধান, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল। তাই তারা উন্নয়ন দেখতে পায় না।
স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ’র সভাপতিত্বে আলোচনা সভাটি সনাচলানা করেন সাধারণ সম্পাদক আফজাল রহমান বাবু।
বার্তাবাজার/এসজে