সন্তান জন্ম দিলে দায়-দায়িত্ব পিতামাতাকে নিতে হবে: আইজিপি
রাজধানীর কলাবাগানে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীর মৃত্যুর মত আর যেন কোনো ঘটনা না ঘটে সে জন্য অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ‘র্যাব সেবা সপ্তাহ’-এ মেধাবী, দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, পরিবারকে জানতে হবে ছেলে বা মেয়ে কোথায় কার সাথে মিশে, কী করে, কখন কোথায় যায়। এটা প্যারেন্টাল কন্ট্রোল। সন্তান জন্ম দিলে দায়-দায়িত্ব পিতামাতাকে নিতে হবে। ১৮ বছরের নিচে বয়সের সবাই শিশু। মানবাধিকার কর্মীরা এনজিওকর্মীরা অনেক হৈ চৈ করে অনেক আইন কিন্তু পরিবর্তন সংশোধন করেছেন।’
তিনি বলেন, কলাবাগানে যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু পূর্ণাঙ্গ ক্রাইম। এখানে ধর্ষণ ঘটানো হয়েছে, মৃত্যু ঘটানো হয়েছে। অথচ আমাদের দেশের আইন অনুযায়ী উভয়ই কিন্তু শিশু। অথচ আমরা এই আইনগুলো করেছি। অবশ্যই আমাদের আধুনিকায়ন দরকার, আইজিপি হিসেবে আমি দ্বিমত পোষণ করি না। তবে অত্যাধুনিক আইন করতে গিয়ে আমরা দেশের মধ্যে কোনো সমস্যা তৈরি করতেছি কি না সেদিকেও খেয়াল রাখতে হবে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাজধানীর কলাবাগানে ইংরেজি মাধ্যমের এক শিক্ষার্থীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যায় তার বন্ধু দিহান। সেখানে চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করেন।
দিহানকে গ্রেফতার করা হলে পরদিন (শুক্রবার) সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। একইদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, নিহত শিক্ষার্থীর সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও তার যৌনাঙ্গে ও পায়ূপথে ক্ষত পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গেছে।
বার্তাবাজার/এসজে