মহাসড়কে নছিমন, করিমন, মাহেন্দ্র, ভটভটি, থ্রি-হুইলারসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধে অভিযান শুরু করেছে পাকশী হাইওয়ে থানা পুলিশ। ঈশ্বরদীর মুলাডুলি, দাশুড়িয়া ট্রাফিক মোড়, সুগার মিল, নতুন হাট গোল চত্বর, রুপপুর মোড় এলাকাসহ কয়েকটি স্থানে পাকশী হাইওয়ে পুলিশের উদ্যোগে সপ্তাহব্যাপী এ অভিযান চলে।
এসময় ইজি-বাইক, নছিমন, করিমন, মাহেন্দ্র, ভটভটি আটক করার পাশাপাশি সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মোট ১১৪টি গাড়ির মামলা করা হয়। গত বছরের ডিসেম্বর মাসে মোট মামলা ৯২টি হলেও এ বছরের জানুয়ারির ১১দিনেই মামলা সংখ্যা ১১৪। যা বিগত বছরের চেয়ে এবার রেকর্ড সংখ্যক মামলা হয়েছে।
অভিযানে হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান এর নেতৃত্বে এস আই আবু নাঈম জিহাদ উদ্দিন, এ এস আই শাহারুল ইসলামসহ পাকশী হাইওয়ে থানার অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।
ওসি মনিরুজ্জামান বার্তা বাজারকে জানান, সকল মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল করতে পারবে না। মহাসড়কের সব স্থানে পুলিশ অভিযান শুরু করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে সড়ক আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। এই অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
বার্তাবাজার/এ.আর