সিডনি টেস্টে জয়ের পথেই ছিল অস্ট্রেলিয়া। শেষ দিন জয়ের জন্য ৮ উইকেট প্রয়োজন ছিল তাদের। কিন্তু চেতেশ্বর পূজারা, রিশাভ পান্ত, হনুমা বিহারী ও রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে জয়বঞ্চিত অজিরা।
ষষ্ঠ উইকেটে অশ্বিন ও বিহারী ২৫৮ বল মোকাবেলা করে ৬২ রানের জুটি গড়েন। তাদের ধৈর্যশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ড্র করে ভারত। এমন পর্যায়ে হতাশ অস্ট্রেলিয়া বেছে নিয়েছিল তাদের চিরাচরিত স্লেজিং কৌশল।
অশ্বিনকে উইকেটের পেছন থেকে স্লেজিং শুরু করেন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন। তবে তার স্লেজিংয়ের জবাবটা বেশ ভালোভাবেই দিয়েছেন অশ্বিন।
ভারতের দ্বিতীয় ইনিংসে ১২২তম ওভারে অশ্বিনকে উইকেটের পেছন থেকে পেইন বলেন, অ্যাশ, গাব্বা টেস্টের জন্য আর অপেক্ষা করতে পারছি না। পাল্টা জবাবে অশ্বিন বলেন, তোমায় ভারতে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। ওটাই তোমার শেষ সিরিজ হবে।
অশ্বিনের এমন উত্তরে কিছুটা রেগেই গিয়েছিলেন তিনি। জবাবে পেইন বলেন, অন্তত আমার দলের সতীর্থরা আমার খেয়াল রাখে। এই কথার পর এক বাজে গালিও ব্যবহার করেন পেইন।
তবে পেইনের স্লেজিংয়ে কোনো লাভ হয়নি অস্ট্রেলিয়ার। উল্টো বেশ কয়েকটি ক্যাচ মিস করেন পেইন। ক্যাচগুলো ধরতে পারলে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা থাকতো।
বার্তাবাজার/এস.জি