বশেমুরবিপ্রবিতে কম্পিউটার চুরির ‘মূল হোতা’ পলাশ শরীফ গ্রেফতার

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চাঞ্চল্যকর ও বহুল আলােচিত কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯ টি কম্পিউটার চুরি মামলার মূল হোতা যুবলীগ নেতা পলাশ শরীফকে গোপন সংবাদের ভিত্তিতে মাদারিপুরের টেকেরহাট থেকে আটক করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আটককৃত পলাশ শরীফ গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সাময়িক বহিষ্কৃত সভাপতি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, রবিবার (১০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে মাদারিপুরের টেকেরহাটে একটি গাড়ি তলাশির মাধ্যমে পলাশ শরীফকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, বর্তমানে তাকে গোপালগঞ্জ সদর থানায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞেস চলছে এবং বাকি ১৫ কম্পিউটার উদ্ধারের চেষ্টা চলছে। তাছাড়া অভিযোগে আরো নাম উঠে আসতেছে তদন্ত স্বার্থে আপাতত বিষয় গুলো গোপন রাখা হচ্ছে।

উল্লেখ্য, গত ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ১০ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয় এবং ১৩ আগস্ট রাতে রাজধানীর বনানীর হোটেল ক্রিস্টাল ইন থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর