নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বসুরহাট পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাওয়াকে অন্য কৌশল হিসাবে মন্তব্য করেন মির্জা কাদের।
তিনি বলেন, ‘ভোটে আমার অবস্থা ভালো এ কথা শুনে তিনি আমার পক্ষে ভোট চাচ্ছেন। এটি তাদের অন্য কৌশল। ভোটের মাঠের অবস্থা খারাপ হলে তা চাইতেন না।’
সোমবার (১১ জানুয়ারি) বেলা ১১ টায় বসুরহাট পৌরসভার রুপালী চত্বরে বসুরহাট ব্যবসায়ীদের আয়োজনে নির্বাচনী পথসভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, আমি জাতীয়ভাবে কোনো অনিয়মের কথা বলিনি। আমি বলেছি নোয়াখালীর অপরাজনীতি, অনিয়ম ও দুর্নীতির কথা। কিন্তু কিছু মিডিয়া তা এডিট করে প্রচার করছে। আর স্বার্থবাজরা তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান ভারি করার চেষ্টা করছে।
তিনি উপস্থিত জনগনকে উদ্দেশ্যে করে বলেন, আমি কোথায়ও বলেছি শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করেছেন?
কিন্তু এটি অপব্যাখা দিচ্ছে কেউ কেউ। আমি সব সময় বলে আসছি ২০০৮ ও ১৯৯৬ সালে এদেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচন হয়েছে। আর বিএনপি, জিয়ারউর রহমানের আমল থেকে ভোট কারচুপি শুরু করেছে।
মির্জা কাদের আরো বলেন, আমার সঙ্গে ওবায়দুল কাদের নেই, জেলা-উপজেলা আওয়ামী লীগ নেই। ডিসি-এসপি নেই। নির্বাচন কর্মকর্তা নেই। আমার সঙ্গে আছে শুধু জনগণ।
১৬ জানুয়ারির পৌরসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। একজন এমপির পুত্রের নেত্বত্বে (নাম উল্লেখ করেননি) এ এলাকায় অস্ত্র সরবরাহ করা হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে।
তার ভাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে লক্ষ্য করে বলেন, এলাকার সংসদ সদস্য হিসেবে আপনারও দায়িত্ব রয়েছে এখানাকার ভোট সুষ্ঠ নিরপেক্ষ ও অবাধ করা। যারা ওনার (ওবায়দুল কাদেরের) শুভাকাঙ্খী তারা দয়া করে ওনাকে বোঝান। তিনি তো এখন আমার কথা শুনেন না। শুনেন ওনার শুভাকাঙ্খীদের কথা।
মির্জা কাদের আরো বলেন, আমি যদি ভোটের দিন কোনো অনিয়ম করি তাহলে আল্লাহ যেনো আমার সেদিন মৃত্যু দেন, আমার উপর গজব পড়ে, আমি নিজেও কোনো অনিয়ম করবো না এবং কাউকে অনিয়ম করতে দেব না।
এর আগে, রোববার বিকেলে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেন, আমি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মানুষকে বলব, আপনারা শেখ হাসিনার দিকে তাকিয়ে, ওবায়দুল কাদেরের দিকে তাকিয়ে, জেলা আওয়ামী লীগের দিকে তাকিয়ে নৌকা মার্কায় ভোট দেবেন। আমি নৌকার জন্য কোম্পানীগঞ্জের মানুষের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি।
বার্তাবাজার/পি