ফরিদপুরের আলফাডাঙ্গায় দিনেদুপুরে এক বিকাশ ব্যবসায়ীর ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (১০ জানুয়ারি) বিকাল ৩টার দিকে আলফাডাঙ্গা-গোপালপুর সড়কের বাঁকাইল হাওড়ের ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী ওই বিকাশ ব্যবসায়ীর নাম কামরুজ্জামান মিন্টু শেখ।
ফরিদপুর শহরের বিকাশ এজেন্ট জ্যামসন ইন্টারন্যাশনাল কোম্পানিতে ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করা মিন্টু শেখ ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার বাসিন্দা।
জানা যায়, বিকাশ ডিস্ট্রিবিউটর ম্যানেজার কামরুজ্জামান মিন্টু শেখ বোয়ালমারী ইসলামী ব্যাংক থেকে ১২ লক্ষ টাকা উত্তোলন করে আলফাডাঙ্গা সদর বাজারে এসে ১ লক্ষ টাকা লেনদেন করেন। এরপর সে বাকী টাকা নিয়ে তার মোটরসাইকেল যোগে উপজেলার গোপালপুর বাজারে লেনদেন করার উদ্দেশ্যে রওনা হয়।
পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে পিছন দিক থেকে একটি এফজেড মডেলের নম্বর প্লেটহীন মোটরসাইকেলে তিনজন এসে মিন্টু শেখের চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে রাস্তার পার্শ্বে খাদে ফেলে দিয়ে টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার দূরে সড়কের পাশে ছিনতাই হওয়া ব্যাগ ও শীতের পোশাক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, চারদিকে ফোর্স লাগিয়েছি। ছিনতাইকারীকে আটকের চেষ্টা চলছে।
বার্তাবাজার/এসজে