দেশের নির্বাচন ব্যবস্থাকে সরকার ও কমিশন ধ্বংস করছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে নিশিরাতের ভোটের সরকার ও বর্তমান নির্বাচন কমিশন মিলে ধ্বংস করছে।
রোববার (১০ জানুয়ারি) বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ সাক্ষরিত সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, নিশিরাতের ভোটের সরকার ও বর্তমান নির্বাচন কমিশন মিলে দেশের জনগণের মন থেকে সুষ্ঠু নির্বাচনের ধারণা মুছে দিতে চায়। চলতি পৌর নির্বাচনগুলোতেও আওয়ামী মার্কা নির্বাচনের ভোট ডাকাতি লক্ষ্য করা যায়।
মির্জা ফখরুল বলেন, প্রথম দফার পৌর নির্বাচনে প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগে যেভাবে ভোট ডাকাতি, ভোট জালিয়াতি করেছে তা দ্বিতীয় ধাপের নির্বাচনেও দেখা যাচ্ছে।
এ সময় মির্জা ফখরুল পৌর নির্বাচনে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি মনোনীত প্রার্থীদের উপর হামলার নিন্দা জানান। একই সঙ্গে আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করেন।
বার্তাবাজার/এস.জি