আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অস্কার বেচেরার গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুললো বসুন্ধরা কিংস।
রোববার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতলো অস্কার ব্রুজোনের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই চ্যাম্পিয়নদের মত খেলতে থাকে কিংস। প্রথমবার ফাইনালে উঠা সাইফও লড়াই করেছে। বেশ কয়েকটি সুযোগ পেয়েও তারা কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধের খেলার ৫১ মিনিটে রাউল অস্কারের পা থেকেই আসে শিরোপার গোলটি। ব্রাজিলিয়ান রবসন সিলভার মাঝমাঠ থেকে বাড়ানো বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে গোল করেন তিনি।
বার বার চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি সাইফ। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানের জয় নিয়েই শিরোপা নিশ্চিত করে বসুন্ধরা কিংস। গতবার রহমতগঞ্জকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল কিংস।
বার্তাবাজার/এস.জি