পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের আন্তরিকতার অভাব রয়েছে। রোববার (১০ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে মেজর (অব.) মোহাম্মদ এমদাদুল ইসলামের দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তাদের সঙ্গে এ ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে। তারা বারবার বলছে, ভেরিফেকশন করার পর তারা রোহিঙ্গাদের নিয়ে যাবে। তারা কখনো বলেনি, রোহিঙ্গাদের নিবে না।
তিনি বলেন, আমরা তাদের বলেছি, রোহিঙ্গাদের নিয়ে যেতে। তবে ‘ইউ মাস্ট এনসিউর সিকিউরিটি অ্যান্ড সেফটি’। তারা নিয়ে যাবে বলে অঙ্গীকার করেছে। কিন্তু আজ প্রায় ৩ বছরে একটি রোহিঙ্গাও ফেরত যায়নি। কারণ তাদের আন্তরিকতার অভাব রয়েছে।
মিয়ানমার বারবার নানা অজুহাতে আলোচনা পিছিয়ে নিচ্ছে জানিয়ে তিনি বলেন,গত বছরের ২০ জানুয়ারি মিয়ানমারের সঙ্গে বড় মিটিং হয়। এরপর করোনা ও নির্বাচনের বাহানা দিয়ে এ বিষয়গুলো পিছিয়ে নিয়েছে। আমরা আশা করছি, নতুন করে তাদের সঙ্গে আলোচনা করবো। ইনফেক্ট আজকেও মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বার্তাবাজার/এস.জি