বসুরহাট পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর ইশতেহার ঘোষণা

দ্বিতীয় ধাপে নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র পদপ্রার্থী কামাল উদ্দিন চৌধুরী (প্রতীক ধানের শীষ) নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। নির্বাচনে জয় লাভ করলে প্রথম শ্রেণীর এ পৌরসভাকে আধুনিকায়ন করতে ১৪টি প্রতিশ্রুতি দেন তিনি। এজন্য নির্বাচনে মূল্যবান ভোট দিয়ে তাকে বিজয়ী করতে পৌরবাসীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।

রবিবার (১০জানুয়ারি) সকাল ১১টায় তঁার নির্বাচনী ও দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। পৌর বিএনপি’র সভাপতি আবদুল মতিন লিটনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র উপদেষ্টা মুক্তিযোদ্ধা জিয়াউল হক জিয়া। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সগির, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ অন্যান্য নেতাকর্মীরা।

পূর্ণাঙ্গ নির্বাচনী ইশতেহারে যা রয়েছে:- পৌরবাসীর জন্য আর্সেনিক মুক্ত, বিশুদ্ধ, সুপেয় পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া; রাস্তা-ঘাট, পুল-কালভার্ট, ড্রেন নির্মাণ ও সংস্কারে জনগুরুত্বপূর্ণ বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া; পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে পানি ও পয়ঃনিস্কাশন ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনাকে আরও সুসংহত ও আধুনিক করা; পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা যাতে কোনভাবেই দুর্নীতিতে জড়াতে না পারে এবং তাদের দ্বারা কোন নাগরিক যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে কঠোর মনোভাব পোষণ করা; ঘরবাড়ি ও মার্কেট নির্মাণে কাউকে যেন অনৈতিক চাঁদা দিতে বা হয়রানির শিকার হতে না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি করা এবং দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা; শিশুদের জন্য প্রতিষ্ঠিত পৌর পার্কটিকে আরও আধুনিক ও সম্প্রসারণ করা।

মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান ও শশ্মান ইত্যাদির উন্নয়ন ও পবিত্রতা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা প্রদান; অপসংস্কৃতি রোধ করা এবং শিক্ষা ও সংস্কৃতি বিকাশে সার্বিক সহযোগিতা প্রদান করা; স্বাস্থ্য সেবা গ্রহণকারী কোন ব্যক্তি যেন হাসপাতাল বা ক্লিনিক কতর্ৃক প্রতারিত বা হয়রানী না হয় সে বিষয়ে নজরদারি ও নিয়ন্ত্রণের জন্য স্বেচ্ছাশ্রম দিতে আগ্রহী এবং সকলের নিকট গ্রহণযোগ্য শিক্ষিত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি টিম গঠন করা; সামাজিক সমস্যা বা বিরোধ নিষ্পত্তি এবং অসামাজিক কার্যকলাপ বন্ধে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে এলাকার সর্বজনগ্রাহ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি টিম গঠন করে শালিস বাণিজ্য বন্ধ করা; সরকার নতুন গ্যাস সংযোগ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করলে প্রতিটি ওয়ার্ডে সমানুপাত ও ন্যায্যতার ভিত্তিতে গ্যাস সংযোগ প্রদানের ব্যবস্থা করা; যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা; সমগ্র বসুরহাট বাজার ও বাজারের বাইরে গুরুত্বপূর্ণ সড়কসমূহে সড়ক বাতির ব্যবস্থা করা; পৌরসভাকে যানজট মুক্ত রাখতে পরিবহন ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত করে সাজানো হবে।

উল্লেখ্য আগামী ১৬জানুয়ারি দ্বিতীয় ধাপে বসুরহাট পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ২১ হাজার ১শ ১৫জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ১০হাজার ৬শ ২১জন ও মহিলা ১০হাজার ৪শ ৯৪জন। এ পৌরসভা নির্বাচনকে ঘিরে দেশ ও দেশের বাহিরের মানুষের মধ্যে প্রবল আগ্রহ ও অপেক্ষার অন্ত নেই। কেননা গত কয়েকদিনে আওয়ামীলীগ প্রার্থী আবদুল কাদের মির্জা (প্রতীক নৌকা) অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী গণসংযোগে বক্তব্য দিলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। তাই আগামী ১৬ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত নির্বাচনের নিরপেক্ষতা ও সুষ্ঠতার দিকে তাকিয়ে রয়েছে দেশবাসী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর