মুঠোফোনে আমাকে এক নারী যুব মহিলা লীগের পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।
রোববার(১০ জানুয়ারি) কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ওবায়দুল কাদেরের ওপরও আমার ক্ষোভ আছে। আগামী নির্বাচনে জিততে হলে ওনাকেও সতর্ক হতে হবে।আর ওনার সঙ্গে যারা হাঁটেন, তারা কার থেকে মাসোহারা পান, তার খোঁজখবর নিতে হবে।
এক নারী নেতৃর কথা তুলে তিনি জানান, “মুঠোফোনে আমাকে যুব মহিলা লীগের পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেছে। প্রশাসনকে জানিয়েছি, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাহলে এই মহিলার হাত অনেক শক্তিশালী? ব্যবস্থা গ্রহণ করেনি কেন?”
তিনি আরও বলেন, আমি যখন সত্য বলি তখন আওয়ামী লীগের এক নেতা আমাকে পাগল ও উন্মাদ বলেন; আরেক নেতা বলেন আমার দায়িত্বশীলতার ঘাটতি আছে। আরেকজন নেতা বলেন, বিএনপি জামাতের ভোটের জন্য আপনি এসব কথা বলছেন।
বার্তাবাজার/পি