তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। রোববার সকাল সাড়ে ১০টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় তারা।
ঢাকায় পা রেখেই কোয়ারেন্টাইনে থাকতে হবে উইন্ডিজ ক্রিকেট দলকে। টিম হোটেলে তিন দিন কঠোর কোয়ারেন্টাইনের মধ্যে থাকতে হবে তাদের। তাদেরকে মূলত সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
তিন দিন পর করোনা নেগেটিভ হলে তারা অনুশীলন করতে পারবে। সাত দিন পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সুবিধা ব্যবহার করে তারা অনুশীলন করতে পারবে। সাত দিনের কোয়ারেন্টাইন শেষে বিসিবির নিযুক্ত স্থানীয় নেট বোলার ও স্টাফদের সহায়তা পাবে ক্যারিবীয়রা।
আগামী ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুইদল। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৫ জানুয়ারি। টেস্ট সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ ও ১১ ফেব্রুয়ারি।
বার্তাবাজার/এস.জি