চট্টগ্রামে আখতারুজ্জামান ফ্লাইওভারে ঘটিত এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক সিএনজি অটোরিকশা চালক ও গুরুতর আহত হয়েছেন চারজন আরোহী।
রোববার (১০ জানুয়ারী) সকাল ৭টায় নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের সম্মুখে এন মোহাম্মদ কনভেনশন হলের সামনে একটি পিকআপের ধাক্কায় সেকান্দার (৬৫) নামে এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘সকালে একই পরিবারের চার ব্যক্তি সিএনজি অটোরিকশাচালক সেকান্দারকে নিয়ে একটি জরুরি কাজে বেড়িয়েছিলেন। সিএনজি অটোরিকশাটি এন মোহাম্মদ কনভেনশন হলের সামনে দিয়ে আখতারুজ্জামান ফ্লাইওভারে ওঠার সময় অজ্ঞাত একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক মারা যান। অপর চারজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, নিহত সিএনজি চালক মোঃ সেকান্দার নগরীর পুরাতন চাঁদগাও থানার মৌলভী পুকুরপাড় এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনায় আহত চারজনও একই এলাকার বাসিন্দা। তারা হলেন মৌলভী পুকুরপাড় এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে আবু তৈয়ব (৪০), আবু সৈয়দ (২১), মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ মোরশেদ (৩৫) ও মোঃ রাশেদুল (২১)।
বার্তাবাজার/পি