শাকের মোহাম্মদ রাসেল,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতির মেঘনার ভয়াবহ ভাঙ্গন থেকে কমলনগর রামগতি রক্ষা ও দ্রুত নদী বাঁধের দাবীতে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেছে স্থানীয়রা। রোববার দুপুরে কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ সংগঠন আয়োজিত হাজিরহাট বাজারে বিক্ষোভ মিছিল ও দুই ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে হাজার হাজার বিক্ষুব্দ জনতা। সংগঠনের আহবায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুস সাত্তার পলোয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতলব।
এর আগে দুটি উপজেলার ৭ লক্ষ মানুষের বাঁচাতে গত তিন দিন যাবত নদী তীর রক্ষা বাঁধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছে স্থানীয় ভিটে বাড়ী হারা হাজার হাজার মানুষ।

বক্তারা দাবী করে বলেন, গত ২৯ এপ্রিল ২০০৯ সালে প্রধানমন্ত্রী কমলনগর-রামগতি রক্ষায় বাঁধ নির্মাণের জন্য আদেশ দেন। পরে ৩৭ কিলোমিটার বাঁধের প্রকল্প অনুমোদন করলেও কর্তৃপক্ষ ১০ বছর মাত্র ৫ কিলোমিটার বাঁধ নির্মাণ করেন। প্রথম ধাপে ৫ কিলোমিটার কাজ ২০১৭ সালে নির্মাণ শেষ হয়। রামগতি অংশে ৪ কিলোমিটার বাঁধ টিকসই হলেও কমলণগরের এক কিলোমিটার বাঁধ নির্মাণের পর ৮ বার ধস পড়ে। ফলে দ্বিতীয় ধাপে কাজ শুরু না হওয়ায় ওই এলাকা তীব্র ভাঙ্গনের কবলে পড়ে। ইতোমধ্যে প্রায় ২ লক্ষাধিক লোক ভিটে বাড়ী হারিয়ে মানবেতর জীভব যাপন করছে। বর্তমানে হুমকির মুখে আছে প্রায় ৫ লক্ষাধিক লোক। বক্তারা আরো বলেন, মেঘনা ভাঙ্গন কবলিত ৩২ কিলোমিটার জুড়ে দ্রুত বাঁধ নির্মাণ না করলে ভুখন্ড থেকে কমলনগর মানচিত্র মুছে যাবে। নদী গর্ভে হারিয়ে যাবে মানুষের ভিটে বাড়ী। তাই দ্রুত বালূ ভর্তি জিও ব্যাগ ড্যাম্পিং করে বর্ষার ভাঙ্গনের তীব্রতা ও ক্ষয় ক্ষতি কমিয়ে আনার জোর দাবী জানান তারা।
প্রসঙ্গত গত ২০ বছর ধরে মেঘনার ভাঙ্গনের ফলে কমলনগরের ৪টি ইউনিয়ন সহ প্রায় ৪০ কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলিন হয়ে যায়।