গায়ে ধাক্কা লাগায় কিশোর গ্যাংয়ের ছুরিতে প্রাণ যায় সিফাতের

রাজধানীর কামরাঙ্গীর চরে শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সিফাত নামের এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বাবা-মায়ের ছাড়াছাড়ি হওয়ার পর থেকে সিফাত কামরাঙ্গীর চরে নানীর সাথে বসবাস করে একটি কারখানায় কাজ করতো।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ১০-১৩ বছর বয়সী কিশোররা দলবদ্ধভাবে ঘুরছিল কামরাঙ্গীর চরে। তখন সিফাতের সাথে এমনই একটা গ্যাং-এর সদস্যের ধাক্কা লাগে। এই নিয়ে তর্কের এক পর্যায়ে কিশোররা মিলে মারধর শুরু করে সিফাতকে। এদের মাঝে একজন সিফাতের বুকে ও কোমরে বসিয়ে দেয় ধারালো ছুরি।

গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায় গ্যাং-এর সদস্যরা। এক ভ্যান চালক সিফাতকে উদ্ধার করে মিটফোর্ট হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখান নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন নিহত সিফাতের নানা। শনিবার (৯ জানুয়ারি) ভোরে কামরাঙ্গীরচরের ইব্রাহিমনগর বালুর মাঠ এলাকা থেকে অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়। আটককৃতদের মাঝে সবচেয়ে ছোট দুইজনের বয়স ১০। তিনজনের ১২ আর বাকি একজনের বয়স ১৩ বছর।

কামরাঙ্গীর চর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সিফাত লালগুদাম এলাকায় একটি কারখানায় কাজ করতো। জন্মের পর মা অন্যত্র চলে যাওয়ায় বাবা আরেকটি বিয়ে করেন। ছন্নছাড়া সিফাত তখন থেকেই নানা-নানির সাথে থাকতো।

তিনি আরও জানান, আটককৃতদের কাছ থেকে একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর