নির্বাচনে ভাই হারায় ইউপি চেয়ারম্যান ভেঙে দিলেন মাদ্রাসা

পটুয়াখালীর কুয়াকাটা পৌর নির্বাচনে মেয়র পদে ভাইয়ের পরাজয়ের পর ক্ষিপ্ত হয়ে মাদ্রাসা ভেঙে নেওয়ার ঘটনা ঘটিয়েছেন স্থানীয় এক ইউপি চেয়ারম্যান। শনিবার (৯ জানুয়ারি) সকালে কুয়াকাটা পৌরসদর সংলগ্ন লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, খাজুরা এলাকার হামেদ গাজী নামে এক ব্যক্তি নিজের ৩০ শতক জমি খাজুরা বাহমাকান্দা খাইরুন্নেসা মডেল মাদ্রাসার নামে লিখে দেন। সম্প্রতি ওই জমিতে এক মৎস্য ব্যবসায়ীর অর্থায়নে একটি টিনের ঘর তুলে মাদ্রাসার অবকাঠামো নির্মাণ করা হয়।

এ বিষয়ে হামেদ গাজী জানান, কুয়াকাটা পৌর নির্বাচনে হেরে গেছেন আ. বারেক মোল্লা । তাই তার ভাই আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জোর করে নতুন মাদ্রাসাটির সভাপতি হন। কোনো আলাপ আলোচনা ছাড়াই শনিবার তার নির্দেশের কিছু লোক এসে মাদ্রাসাটি ভেঙে নিয়ে যায়।

অভিযুক্ত আনছার উদ্দিন মোল্লা জানান, পৌর নির্বাচনে আমাদের প্রতিপক্ষ দাতা হামেদ গাজীর পছন্দের শিক্ষক নিয়োগ নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় মাদ্রাসাটি অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর