ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা জমে উঠেছে। মাইকিং, পথ সভা, গণসংযোগসহ চলছে বাড়িতে বাড়িতে ভোট প্রার্থনা। তবে এসব প্রচারে এগিয়ে রয়েছে নৌকা। পথ সভা, মিটিং-মিছিল, মাইকিং, গণসংযোগ সব প্রকার প্রচারেই নৌকার দাপট।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম রেজার নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে ইতিমধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মী থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের সকলেই একত্রিত হয়ে কাজ করছে। শুধু তাই নয়, নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে পার্শ্ববর্তী উপজেলা থেকেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছে।
সরজমিনে গিয়ে শনিবার বিকেলে দেখা যায়, বোয়ালমারী পৌরসভার সদর বাজারে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালাতে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা থেকে যোগ দিয়েছে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।
অপরদিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদেরও প্রচার-প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারী বোয়ালমারী পৌর নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে আ’লীগ থেকে সেলিম রেজা লিপন, বিএনপি থেকে আঃ শুকুর শেখ ও স্বতন্ত্র (আ’লীগ বিদ্রোহী) লিটন মৃধা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া সংরক্ষিত কাউন্সিলর হিসেবে ৩ ওয়ার্ডে ১১জন ও সাধারণ কাউন্সিলর হিসেবে ৯ ওয়ার্ডে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রথম শ্রেণির এ পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ২৭৯জন যার মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮৮৩ জন ও মহিলা ভোটার ১১ হাজার ৩৯৬জন।
বার্তাবাজার/এ.আর