কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে এক মা গুরুতর আহত হয়েছে। শনিবার (৯ জানুয়ারী) বিকেলে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ওয়াবদার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের ওয়াবদার পাড় এলাকার মৃত ছমির সরকারের ছেলে হুমায়ূন (২৭) দীর্ঘদিন ধরে মাদকের নেশায় আসক্ত। নেশার টাকার জন্য নিয়মিত তার মায়ের সাথে খারাপ আচরণ করতো। শনিবার বিকেল সে মায়ের কাছে টাকা চায়। তার মা টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমায়ুন তখন জমি বিক্রি করতে চায়। হুমায়ূনের ছোট ভাই আরাফাত তাকে জমি বিক্রি করতে নিষেধ করলে, তার উপর ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি নিয়ে আরাফাতকে ধাওয়া করে। আরাফাত দৌড়ে পালালে সামনে থাকা তার মাকেই ছুরি মেরে দেয় হুমায়ুন।
এ ঘটনায় তার মা রাশেদা বেগম (৫৫) গুরুত্বর যখম হয়। পরে স্থানীয়রা রাশেদা বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাদ্দাম হোসেন বার্তা বাজারকে জানান, আক্রান্ত রোগীর পিঠে পিছন দিক থেকে চুরিকাঘাত করা হয়েছে। প্রচুর রক্ত ক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আতিয়ার রহমান বার্তা বাজারকে জানান, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বার্তাবাজার/এ.আর