দলীয় কার্যালয়ে মদপান করে ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজ কার্যালয়ে মদপান করে মারা গেছেন ছাত্রলীগ নেতাসহ ৩ জন। শনিবার (৯ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও ৬ জন।

নিহতরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের ছোট ভাই জাহিদ হাসান বাবু (৩২), জৈনপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৪০) ও কাদিরগঞ্জের মোক্তার মিয়ার ছেলে মহসিন (২৩)।

জানা যায়, শুক্রবার (৮ জানুয়ারি) রাতে নিজ কার্যালয়ে সঙ্গীদের নিয়ে মদপান করেন ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বাবু। কিছুক্ষণের মাঝেই ৯/১০ জন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুসহ ৩ জন। আরও ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

তবে মদপানের বিষয়টি অস্বীকার করে নিহত বাবুর ভাই ইউপি চেয়ারম্যান মাসুম বলেন, কোনো শত্রুতার কারণে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে তার খাদ্যে বিষ মেশানো হয়েছে। যার ফলে তাদের মৃত্যু হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি এর বিচার দাবি করছি।

এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তারা কিভাবে মারা গেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর