ভারতের ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট আই লিগে কলকাতা মোহামেডানের জার্সিতে অভিষেক হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। অভিষেক ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছেন তিনি।
শনিবার (৯ জানুয়ারি) আই লিগে নিজেদের প্রথম ম্যাচে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে দিল্লির দল সুদেভা মুনলাইটের বিপক্ষে মাঠে নামে কলকাতা মোহামেডান। নিজেদের ঘরের মাঠে ১-০ গোলে জয় পেয়েছে তারা।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে সুরাজ রাওয়াতের বাড়ানো বল নিয়ে ডান দিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে গোল করেন কলকাতা মোহামেডানের ফয়সাল আলী।
এই ম্যাচে একাদশে ছিলেন জামাল ভূঁইয়া। তিনি ৮৭ মিনিট পর্যন্ত খেলেছেন। ভারতের ঘরোয়া ফুটবলের অভিষেক ম্যাচে সতীর্থদের বেশ কয়েকটি নিখুঁত পাস দিয়েছেন ও নিজের যোগ্যতা অনুযায়ী খেলেছেন তিনি।
আগামী ১৪ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে চার্লিস ব্রাদার্সের বিপক্ষে মাঠে নামবে কলকাতা মোহামেডান। ম্যাচটি অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের কল্যানী স্টেডিয়ামে।
বার্তাবাজার/এস.জি