রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে দুর্ঘটনার শিকার হয়েছে একটি প্রশিক্ষণ প্লেন।
শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা পারভিন গণমাধ্যমকে জানান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ প্লেন যার নম্বর-(S2-AFK) উত্তর দিক থেকে অবতরণের সময় রানওয়ের মাঝে প্লেনটির পিছনের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়। এরপরেও আকাশে ওঠার চেষ্টা করলে সামনের চাকা গোড়া থেকে ভেঙে মুখ থুবড়ে পড়ে প্লেনটি।
পারভিন আরো জানান, প্লেনটিতে চালক হিসেবে ছিলেন গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চিফ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান। আর তার সাথে রায়হান গফুর নামে একজন প্রশিক্ষণার্থী ছিল। তারা দুজনই আল্লাহর রহমতে সুস্থ আছেন।
এ ঘটনার পর থেকে শাহ মখদুম বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়েছে। সেই সাথে দুর্ঘটনার কারণ উৎঘাটন করতে কাজ করছেন কর্মকর্তারা।
বার্তাবাজার/ই.এইচ.এম